যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী ভারতের মুম্বাই শহরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে গোল্ড পেস্ট আকারে ৯০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়, যা ল্যাবে পরীক্ষায় খাঁটি বলে প্রমাণিত হয়েছে। এছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা পাওয়া গেছে। উদ্ধারকৃত সোনা ও বৈদেশিক মুদ্রার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওয়াজিদ আলী জানান, তিনি নিয়মিত ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরে যাতায়াত করেন। এবার তিনি দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা করেছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিবিসি/এসএফএল