ডিবিসি নিউজের সংবাদের ২৪ ঘণ্টার মধ্যেই পরিবর্তন

যাত্রীদের সিট দখলের অভিনব কৌশল ঠেকাতে মেট্রোরেলে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একটু আরামদায়ক সিট নিশ্চিত করতে একদল যাত্রী গন্তব্যের আগের স্টেশন থেকেই উল্টো পথে মেট্রোরেলে উঠে সিট দখল করে থাকেন। নিয়ম অনুযায়ী শেষ গন্তব্যে পৌঁছানোর পর ট্রেন সম্পূর্ণ খালি হওয়ার কথা থাকলেও, প্রতিটি ট্রেনেই প্রায় ২০ থেকে ৫০ শতাংশ যাত্রী নামেন না। ফলে বৈধভাবে টিকিট কেটে ওঠা অনেক যাত্রীই কোনো সিট পান না। পাশাপাশি অতিরিক্ত দূরত্বের ভাড়া ফাঁকি দেওয়ায় সরকারও বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

এসব বিষয় তুলে ধরে গতকাল বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিবিসি নিউজে ’সুযোগসন্ধানীদের ফাঁদে মেট্রোরেল’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদে উঠে আসে একদল যাত্রীর সিট দখলের চাতুরী। ডিবিসি নিউজের সেই সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই যাত্রীদের সিট দখলের এই অভিনব কৌশল ঠেকাতে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। 

 

তিনি আরও বলেন, কোনও যাত্রী মতিঝিল পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

ডিবিসির বিশেষ প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন