ঈদযাত্রার শেষ দিন আজ। রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় আগেভাগেই রাজধানী ছেড়েছে নগরবাসী। ফলে ঈদযাত্রার শেষ দিনে যাত্রী সংকটে ভুগছে দূরপাল্লার বাস কাউন্টারগুলো।
মাঝেমধ্যে বাস কাউন্টারগুলোতে হাতেগোনা কিছু যাত্রীর দেখা মিলতেই পরিবহন শ্রমিকদের হাঁকডাক আর টিকিট বিক্রি করতে ছুটে আশা পরিবহন সংশ্লিষ্টদের আতিথেয়তা জানান দিচ্ছে কাউন্টারগুলোতে কদর বেড়েছে দূরপাল্লার যাত্রীদের। এ অবস্থায় আসন ফাঁকা রেখেই কিছু বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কল্যাণপুরের বাস কাউন্টারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, কল্যাণপুর বাস কাউন্টারগুলোতে যাত্রীর অপেক্ষায় সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররা। কাউন্টারের সামনেই হাঁকডাক ছেড়ে যাত্রী ডাকছেন পরিবহন শ্রমিকেরা। মাঝেমধ্যে হাতেগোনা কিছু যাত্রী আসছেন কাউন্টারে। সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যান্য সময়ের মতো যাত্রীদের ভিড় নেই, নেই টিকিট কাটার দীর্ঘ লাইন। অনেক বাসের কাউন্টার বন্ধ থাকতেও দেখা যায়।
এক গাড়ির কাউন্টার মাস্টার মো. ফারুক হোসেন বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ নেই। যাত্রীরা আগেই চলে গেছে। আসলে ২৯ রোজা হলে তো আজ ঈদ হওয়ার কথা। সেই হিসাবে মানুষ আগেই চলে গেছে।
ডিবিসি/ এইচএপি