ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সারা বাংলা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট ব্যুরো

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে আগস্ট ২০২৬ ০৮:১২:৩০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে প্রবাসী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

যুক্তরাজ্যে বসবাসরত নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে পুলিশ তাদের বাসায় আসে। এরপর ছবি দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের জানায় যে মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কে বা কারা এবং কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে পরিবার এখনো কিছু জানতে পারেনি। মাছুমের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।

 

মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর বিশ্বনাথে তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে তার নিহত হওয়ার খবরটি জানানো হয়। নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার আরেক ছেলে মারুফ আহমদ ফোন করে মৃত্যুর খবরটি জানান। তবে ছেলের হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনিও কোনো ধারণা দিতে পারেননি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মাছুম আহমদ ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত মাছুম এক কন্যাসন্তানের জনক। তার আরও দুই ভাই ও দুই বোন পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন