আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কেমোথেরাপি দিয়ে সুস্থ করা হলো ক্যানসারে আক্রান্ত অজগর সাপ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের চেস্টার জু এবং লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিশেষজ্ঞরা মানুষের চিকিৎসায় ব্যবহৃত ইলেকট্রোকেমোথেরাপি পদ্ধতি সফলভাবে প্রয়োগ করে একটি বিশালাকার পাইথনের প্রাণ বাঁচিয়েছেন। হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের নামানুসারে পাইথনটির নাম রাখা হয়েছে 'জোডি ফস্টার'। বিশ্বের প্রথম সাপ হিসেবে এটি এই বিশেষ ক্যানসার চিকিৎসার মধ্য দিয়ে গেল।

চেস্টার জু কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ বছর বয়সী এই রেটিকুলেটেড পাইথনের চোয়ালে ক্যানসারজনিত টিউমার ধরা পড়েছিল। এর আগে অস্ত্রোপচারের মাধ্যমে একবার টিউমারটি অপসারণ করা হলেও সেটি আবার ফিরে আসে। টিউমারটি তার চোয়ালের হাড়কে গ্রাস করতে শুরু করায় সাপটির জন্য খাবার খাওয়া অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সাপটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে চিকিৎসকরা মানুষের ত্বকের ক্যানসারে ব্যবহৃত ইলেকট্রোকেমোথেরাপি পদ্ধতিটিকে সাপের শরীরের উপযোগী করে তোলার সিদ্ধান্ত নেন। চলতি বছরের শুরুতে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের সাথে এই বিশেষ চিকিৎসা দেওয়া হয়।


চেস্টার জু-এর ভেটেরিনারি অফিসার ইয়ান অ্যাশপোল জানান, টিউমারটি চোয়ালের হাড় ধ্বংস করতে শুরু করায় শুধু অস্ত্রোপচার যথেষ্ট ছিল না। খাওয়ার কষ্টে সাপটির জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল। চিকিৎসকদের সাথে আলোচনা করে তাঁরা সাপের শরীরে এই থেরাপি সফলভাবে প্রয়োগ করেন।


অস্ত্রোপচারের সময় ১৫ ফুট দীর্ঘ এবং ১১0 পাউন্ড ওজনের এই পাইথনটিকে প্রথমে তার আবাসস্থলেই অজ্ঞান করা হয়। এরপর তাকে জু-এর ভেটেরিনারি সেন্টারে আনা হয়। সাপটির বিশাল আকারের কারণে চিকিৎসকদের দুটি অপারেশন টেবিল পাশাপাশি জোড়া লাগিয়ে ডাবল বিছানার সমান আকৃতির করতে হয়েছিল। এছাড়া অস্ত্রোপচারের পুরো সময় সাপের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হিটেড ব্ল্যাঙ্কেট বা গরম কম্বল এবং উষ্ণ বায়ু ব্যবহার করা হয়। প্রায় ৯০ মিনিটের সফল অস্ত্রোপচারের পর টিউমার ও আক্রান্ত চোয়ালের অংশ অপসারণ করা হয় এবং বাকি ক্যানসার কোষ ধ্বংসে ইলেকট্রোকেমোথেরাপি প্রয়োগ করা হয়। সাপটিও খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।


কয়েক মাস ধরে সাপটি সম্পূর্ণ ক্যানসার ও টিউমারমুক্ত রয়েছে। বর্তমানে সে তার স্বভাবসুলভ চঞ্চল ও খাদক আচরণে ফিরে গেছে এবং নিজের স্বাভাবিক আবাসস্থলে সুস্বাস্থ্যে দিন কাটাচ্ছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন