কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক ও ব্যবসায়ী জেফরি এপস্টেইনের সঙ্গে গোপন আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক এই ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারকে আর কোনো বিব্রতকর পরিস্থিতিতে না ফেলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত রোববার লেবার পার্টির সাধারণ সম্পাদককে লেখা এক চিঠিতে ৭২ বছর বয়সি ম্যান্ডেলসন পদত্যাগের ঘোষণা দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, এপস্টেইনের সঙ্গে তাঁর অতীত সম্পর্ক নিয়ে দলকে যাতে নতুন করে কোনো ‘বিব্রতকর পরিস্থিতি’র মুখোমুখি হতে না হয়, সেজন্যই তিনি সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে তিনি লিখেন, ‘সপ্তাহান্তে জেফরি এপস্টেইনকে ঘিরে সৃষ্টি হওয়া ক্ষোভের সঙ্গে আমি আরও যুক্ত হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে আমি দুঃখিত ও অনুতপ্ত বোধ করছি।’
গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত লাখ লাখ পৃষ্ঠার নতুন নথি প্রকাশ করে। এসব নথিতে দেখা যায়, ২০০৩ ও ২০০৪ সালে তিনটি পৃথক লেনদেনের মাধ্যমে ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার (প্রতি বারে ২৫ হাজার ডলার) দিয়েছিলেন এপস্টেইন। এই তথ্য বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দেয়।
এর আগেও এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ম্যান্ডেলসনকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। এপস্টেইনের সঙ্গে তাঁর ইমেইল আদান-প্রদানের বিস্তারিত তথ্য প্রকাশের পর গত বছর তাঁকে ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে বহিষ্কার করা হয়।’
ডিবিসি/পিআরএএন