আন্তর্জাতিক

যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে বাংলাদেশি মা-মেয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মা ও তার কিশোরী মেয়ে। নিহতরা হলেন শালী রহমান (৪২) এবং তার মেয়ে সামিহা রহমান (১৫)।

এ ঘটনায় তাদের পরিবারের সাত বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে স্বজনদের বরাতে নিশ্চিত করেছে বিবিসি।

 

জানা গেছে, পূর্ব লন্ডন ও বার্কিং এলাকা থেকে একদিনের সফরে ওয়েস্ট মার্সি সৈকতে ঘুরতে এসেছিলেন পেশায় চিকিৎসক ওই বাংলাদেশি পরিবারটি। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জোয়ারের পানি দ্রুত বাড়তে থাকলে তারা বিপদে পড়েন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সি-ব্যাংক বা বাঁধের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষকে তারা আকুল হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। প্যারামেডিকসরা জানান, উদ্ধারকৃতদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালেই ওই মা ও মেয়ের মৃত্যু হয়।

 

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পুলিশ দুর্ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তা গোয়েন্দা প্রধান পরিদর্শক আল পিচার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

ঘটনার সময় আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীদের কাছে কোনো তথ্য বা ভিডিও চিত্র থাকলে তা দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 

সূত্র: ইন্ডিপেনডেন্ট

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন