যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর ক্ষেত্রে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির এক মুখপাত্র এই হুঁশিয়ারি দেন। তবে ওই মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি।
তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো কিংবা অন্য কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো হামলায় সহযোগিতা করে, তাহলে সেসব দেশ ইসলামিক প্রজাতন্ত্রের 'বৈধ লক্ষ্যবস্তু' হয়ে উঠবে।
আইআরজিসির ওই মুখপাত্র তাঁর বক্তব্যে বিশেষভাবে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানে সাম্প্রতিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমানগুলো ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহার করেছে। মিত্র দেশগুলোকে সতর্ক করে তিনি সরাসরি বলেন, 'তারা যদি সহযোগিতা করে, তাহলে তারা আমাদের নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হবে।'
মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম সামরিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো। তেহরান এর আগে একাধিকবার সাফ জানিয়েছে যে, নিজেদের ভূখণ্ড রক্ষায় এবং যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এমএনকে