আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ প্রণালি ফের বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে ‘মিথ্যা’ বলেও উড়িয়ে দিয়েছেন তিনি।

গালিবাফ বলেন, ট্রাম্প এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সাতটিই ছিল মিথ্যা। তিনি নির্দিষ্ট করে বলেননি ট্রাম্পের কোন দাবিগুলোর কথা তিনি বুঝিয়েছেন। তবে ওয়াশিংটনের উদ্দেশে তিনি বলেন, তারা এসব মিথ্যা বলে যুদ্ধে জেতেনি, এবং আলোচনার ক্ষেত্রেও তারা নিশ্চিতভাবে কোনো সুবিধা করতে পারবে না।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এর নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বরং মাঠপর্যায়ে নির্ধারিত হয়। তিনি আরও জানান, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল একটি "নির্ধারিত রুট" দিয়ে এবং "ইরানের অনুমতিক্রমে" হতে হবে।

 

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, একটি "চুক্তি স্বাক্ষরিত" হলেই ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের অবসান ঘটবে এবং খুব শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। অ্যারিজোনায় এক সমাবেশে তিনি আরও জানান, ইরানের সাথে শান্তি চুক্তির শর্ত হিসেবে দেশটির পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র।

 

তবে তেহরানের ছাড় দেওয়ার বিষয়ে ট্রাম্পের এসব দাবির কিছু অংশে সন্দেহ প্রকাশ করেছেন এক শীর্ষ ইরানি কর্মকর্তা। সিএনএন-কে দেওয়া ইরানি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওয়াশিংটন এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।

 

এদিকে, শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানালেও এদিন মাত্র কয়েকটি জাহাজকেই ওই প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

 

সূত্র: সিএনএ

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন