আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সংঘাতের মাত্রা চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জেরে মার্কিন বাহিনীর প্রতিশোধমূলক হামলার জবাবে এবার একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করার পাশাপাশি বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে পাল্টা ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।

বুধবার (১০ জুন) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, তারা দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে ওই মার্কিন এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত করেছে। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম এলাকায় রাতভর মার্কিন হামলার সরাসরি জবাবে স্থানীয় সময় রাত আড়াইটায় তাদের নৌবাহিনী বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালায়। সংস্থাটি আরও জানিয়েছে যে, এই মুহূর্তে সংঘাত চলমান রয়েছে এবং মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

 

এর আগে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক ঘোষণায় ইরানে তাদের হামলা সম্পন্ন হওয়ার কথা জানায়। সেন্টকম নিশ্চিত করে যে, মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোতে মার্কিন যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র তাদের এই পদক্ষেপকে ‘আত্মরক্ষামূলক’ হিসেবে অভিহিত করেছে।

 

আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী, জাস্ক, সিরিক ও কেশম এলাকায় চালানো মার্কিন এই হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বামানি এলাকায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সক্রিয় রাখা হয়েছে। হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে রাতভর চলা এই হামলা, পাল্টা হামলা এবং প্রতিশোধমূলক অভিযানের কারণে পুরো অঞ্চলে সংঘাতের পরিধি এখন আরও বিপজ্জনকভাবে বিস্তৃত হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন