যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি প্রত্যন্ত বিমান বাহিনী ঘাঁটির কাছে বেসামরিক চুক্তিবদ্ধ একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে কেপ নিউয়েনহ্যামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে একটি দূরপাল্লার সামরিক রাডার স্টেশন ও বিমানঘাঁটি রয়েছে।
বিমানটি অ্যাঙ্কোরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭২৫ কিলোমিটার (৪৫০ মাইল) পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যামের উদ্দেশে রওনা দিয়েছিল।
মার্কিন বিমান বাহিনীর আলাস্কান কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারী দল নিশ্চিত করেছে যে বিমানে থাকা কোনো ব্যক্তিই বেঁচে নেই। নিহতদের পরিচয় বা তাদের সেখানে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আলাস্কান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত পেশাদার দল ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যাদের সেবা করি সেই সব কমিউনিটির জন্য এক চরম বেদনাদায়ক ক্ষতি। এই কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উদ্ধারকারী দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করার পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।