২০২৬ সালের ২৭ মার্চ ইরানের ড্রোন ও মিসাইল হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর একটি অত্যাধুনিক বোয়িং ই-৩ সেন্ট্রি (Boeing E-3 Sentry) এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AWACS) বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি পুরোপুরি ধ্বংস না হলেও এটি একেবারে উড্ডয়নের অযোগ্য হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ইরানের এই হামলায় একাধিক কেসি-১৩৫ (স্ট্র্যাটোট্যাঙ্কার) রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে বোয়িং ই-৩ সেন্ট্রি বিশ্বের সবচেয়ে দামি ও উচ্চপ্রযুক্তির সামরিক বিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৭ সালে প্রথম মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হওয়া এই বিমানটি মূলত একটি উড়ন্ত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বা ফ্লাইং কন্ট্রোল টাওয়ার নামে পরিচিত।
বোয়িং ৭০৭ পরিবহন বিমানের কাঠামোর ওপর ভিত্তি করে নির্মিত এই মোবাইল কমান্ড সেন্টার এয়ারক্রাফটের ওপরে একটি ৩০ ফুটের ঘূর্ণায়মান রাডার ডোম স্থাপন করা হয়েছে, যেখানে উচ্চক্ষমতাসম্পন্ন পালস ডপলার রাডার ও ইমেজিং সেন্সর ব্যবহার করা হয়েছে।
এর উচ্চ প্রযুক্তির রাডার সিস্টেম প্রায় ২৫০ মাইল দূর থেকেও এটি প্রতিকূল আবহাওয়ায় শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে, এবং আকাশে একনাগাড়ে ৮ ঘণ্টার বেশি উড়তে সক্ষম। এর পাশাপাশি বিমানে রিফুয়েলিং সুবিধা ব্যবহার করে এই সময় আরও বাড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কাছে সর্বমোট ৩০টির বেশি ই-৩ ছিল, কিন্তু যুদ্ধ ও অন্যান্য কারণে সেগুলোর সংখ্যা কমে বর্তমানে সক্রিয় রয়েছে প্রায় ১৬টি। এই হামলায় যুক্তরাষ্ট্র তার একটি অমূল্য ই-৩ বিমান হারালো।
আগে এর উৎপাদন খরচ প্রায় ৩০০ মিলিয়ন ডলার ছিল। তবে, নতুন করে একটি ই-৩ আর্লি ওয়ার্নিং বিমান তৈরি করা আর সম্ভব নয় বলেই এর আধুনিক সিরিজের বোয়িং ই-৭ (ওয়েজটেইল) বিমানের দাম হতে পারে প্রায় ৭০০ মিলিয়ন ডলার।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো, ফ্রান্স, সৌদি আরব ও যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সও এই ধরণের আর্লি ওয়ার্নিং ও কমান্ড সেন্টার এয়ারক্রাফট ব্যবহার করে। তবে, আশির দশকের প্রযুক্তি নির্ভর ই-৩ সেন্ট্রি এয়ারক্রাফটের প্রযুক্তিগত সক্ষমতা বর্তমান যুদ্ধক্ষেত্রে ঠিক কতটা কার্যকর রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক,
সিংড়া, নাটোর।
ডিবিসি/এসএফএল