যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলীয় জলসীমায় মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবারের (২২শে ডিসেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি একটি মেডিকেল মিশনের অংশ হিসেবে রোগী নিয়ে টেক্সাসের গ্যালভেস্টনের দিকে যাচ্ছিল।
বিবৃতি অনুযায়ী, বিমানটিতে নৌবাহিনীর চারজন কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিকসহ মোট আটজন আরোহী ছিলেন। মার্কিন কোস্টগার্ড কর্মকর্তা লিউক বেকার পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনায় দুইজন প্রাণে বেঁচে গেলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
বিমানটি মেক্সিকোর ইউকাটান রাজ্যের মেরিডা থেকে উড্ডয়ন করেছিল। এটি ‘মিচৌ অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সাথে সমন্বয় করে একটি জরুরি মেডিকেল মিশনের কাজ করছিল। বিমানটির উদ্দেশ্য ছিল জীবনসংকটাপন্ন দগ্ধ শিশুদের উন্নত চিকিৎসার জন্য গ্যালভেস্টনের ‘শ্রাইনার্স চিলড্রেনস হসপিটাল’-এ পৌঁছে দেওয়া।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-এর তথ্যমতে, বিমানটি গ্যালভেস্টন বের ওপর দিয়ে যাওয়ার সময় শেষবারের মতো সংকেত দিয়েছিল। ওই সময় এলাকাটি ঘন কুয়াশাচ্ছন্ন ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্যালভেস্টনের আবহাওয়া কর্মকর্তা ক্যামেরন বাটিস্ট জানান, দুর্ঘটনার সময় কুয়াশার কারণে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে এসেছিল।
মেক্সিকান মেরিন কোর এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
তথ্যসূত্র আল জাজিরা
ডিবিসি/এমইউএ