যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর তিনটি ভিন্ন স্থানে ইরানের নৌবাহিনী কঠোর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-সাখির বিমানবন্দরে মার্কিন ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত শেডে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে বাহরাইনের সালমান বন্দরে মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স ৫৯-এর নৌযান প্রস্তুতকরণ শেডেও হামলা চালানো হয়েছে। এই হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে বলে দাবি করা হয়।
এর পাশাপাশি, কুয়েতের আরিফজান ঘাঁটিতে মেরিন স্পেশাল ফোর্সেসের শেডগুলোতে আগুন লাগিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি। ইরানের কাছে খুব অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবশিষ্ট আছে- ট্রাম্পের এমন দাবিকে ‘বোকামি ও অজ্ঞতার বহিঃপ্রকাশ’ আখ্যা দেওয়া হয়েছে।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধ যদি কয়েক বছর ধরেও চলে, তবে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ ইরানের কাছে রয়েছে।
ডিবিসি/এসএস