বুধবার ভোরে দক্ষিণ-পূর্ব ইরানের একটি ব্যারাকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সাতজন ইরানি সেনা সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিকে ইরানি সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা বলে বর্ণনা করেছে সামরিক বাহিনী।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বামপুর শহরে ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর একটি ব্যারাকের আবাসিক এলাকা ও আবাসন সুবিধায় ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ৩৮৮তম ব্রিগেডের সাতজন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সামরিক বাহিনী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে মার্কিন আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর একটি "চূড়ান্ত ও কঠোর জবাব" দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলার আগের দফাগুলো এবং ২৮ ফেব্রুয়ারি চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাগুলোতে সরাসরি ইরানি সেনাবাহিনী বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে, আগামী দিনগুলোতে ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে এবং তা আরও জোরদার হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান আলোচনার টেবিলে ফিরে না এলে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করবে।
সংঘাতের অবসান এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক থাকা সত্ত্বেও উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে হরমুজ প্রণালী নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/এমএনকে