যুদ্ধ শেষ করার লক্ষ্যে দেওয়া মার্কিন প্রস্তাবকে 'একতরফা ও অন্যায্য' বলে আখ্যা দিয়েছে ইরান। তবে এ প্রস্তাব নিয়ে অসন্তোষ থাকলেও ভবিষ্যতে সংকট সমাধানে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন প্রতিনিধিসহ দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইতিমধ্যে মার্কিন প্রস্তাবটি গভীরভাবে পর্যালোচনা করেছেন। প্রস্তাবের মূল বিষয়বস্তু সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংক্ষেপে এ প্রস্তাবে একটি অস্পষ্ট পরিকল্পনার অধীনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে, যার বিনিময়ে মূলত ইরানকে তাদের নিজস্ব আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করতে হবে।
ইরানের এ জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, মার্কিন এ প্রস্তাবে সফল হওয়ার মতো ন্যূনতম শর্তের সুস্পষ্ট অভাব রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আলোচনার জন্য কোনো সুনির্দিষ্ট কাঠামো বা ব্যবস্থা নেই এবং আপাতত বাস্তবসম্মত আলোচনার কোনো সম্ভাবনাও দৃশ্যমান নয়।
তবে এমন বৈরী পরিস্থিতির ও অচলাবস্থার মাঝেই বিবাদমান পক্ষগুলোর মধ্যে একটি ‘সাধারণ ভিত্তি’ বা কমন গ্রাউন্ড স্থাপনের লক্ষ্যে তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি