আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নোয়াখালীর যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের ওই দোকানে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত রাজুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামে।


প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, ঘটনার সময় এক বন্দুকধারী ওই দোকানে প্রবেশ করে অতর্কিত গুলি চালায়। এতে সেখানে কর্মরত রাজুর বুকে এবং অপর এক বাংলাদেশির পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। তবে পায়ে গুলিবিদ্ধ অপর বাংলাদেশি চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

 

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর পৌঁছানোর পর নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। রাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছে তার শোকসন্তপ্ত পরিবার।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন