ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের একটি গভীর ঐতিহাসিক অবিশ্বাস বজায় রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, যেকোনো অর্থবহ সংলাপের প্রাথমিক ভিত্তি হতে হবে পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, "মার্কিন সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের কারণে ইরানের মনে যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে, তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের অগঠনমূলক ও স্ববিরোধী অবস্থান একটি তিক্ত বার্তা বহন করছে; আর তা হলো-তারা আসলে ইরানের আত্মসমর্পণ চায়।"
মার্কিন চাপের মুখে অনমনীয় থাকার ঘোষণা দিয়ে ইরানি প্রেসিডেন্ট আরও স্পষ্ট করে বলেন, "ইরানের জনগণ কোনো ধরনের জবরদস্তির কাছে মাথা নত করবে না।"
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের এই মন্তব্য ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ, যেখানে তিনি সংলাপের পথ খোলা রাখলেও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস না করার ইঙ্গিত দিয়েছেন।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল