তেহরান: যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার বিষয়ে পরস্পরবিরোধী খবর প্রকাশের মধ্যেই ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার আলী নিকজাদ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের কোনোভাবেই আলোচনায় বসা উচিত নয়। তিনি ট্রাম্পকে একজন "মিথ্যাবাদী এবং সম্মানহীন" ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।
ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আলী নিকজাদ বলেছেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জনগণের পূর্ণ সমর্থনে নিজেদের সামরিক সক্ষমতার ওপর শক্তভাবে দাঁড়িয়ে আছে। ট্রাম্প যদি সত্য বলে থাকেন, তবে তার প্রকাশ করা উচিত তিনি আসলে কার সাথে আলোচনা করেছেন।"
মার্কিন প্রেসিডেন্টের ব্যাপারে তিনি আরও বলেন, "তার দেওয়া হুমকিগুলো ডাহা মিথ্যা।"
নিকজাদ অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে উল্লেখ করেন, এর আগে ২০২৫ সালের জুন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দুই দফা আলোচনার সময় যখন আলোচকরা সংঘাত এড়ানোর জন্য একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছিলেন, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছিল।
ডিবিসি/কেএলডি