আমেরিকা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ নিহত ৩, আহত ৩ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত এবং তিন পুলিশ কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সন্দেহভাজন ওই হামলাকারীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার (০২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার পরপরই শহরের ডাউনটাউন এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটে।

মিনিয়াপলিস পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ভবনে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই ভুক্তভোগীদের সন্ধান পান। হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এছাড়া আহত তিন পুলিশ কর্মকর্তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজন সরাসরি গুলিবিদ্ধ হয়েছিলেন। তবে বর্তমানে ওই তিন পুলিশ সদস্য শঙ্কামুক্ত অবস্থায় আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


সন্দেহভাজন ওই হামলাকারীর মৃত্যু ঠিক কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। এছাড়া এই হামলার পেছনের উদ্দেশ্য বা অন্যান্য আহতদের বর্তমান অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিনিয়াপলিস কনভেনশন সেন্টারের কাছের ওই ভবনের দিকে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় অস্ত্র তাক করে থাকতে দেখা যায়।


মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবাদানকারী কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে রাজ্যের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। মিনেসোটা প্রতিনিধি পরিষদের স্পিকার লিসা ডেমুথও এই জঘন্য অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন