যুক্তরাষ্ট্রের অবিরাম মিসাইল হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক বিমান ও মিসাইল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে কেবল ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশেই সাতজন নিহত হয়েছেন।
প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাতে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের তিনটি পৃথক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও আটজন।
এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সংলগ্ন হরমুজগান প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলায় এক শিশুসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন মিসাইল হামলার পর হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুশেতাক শহরের একটি বাড়িতে মিসাইলের শার্পনেল (অংশবিশেষ) আঘাত হানলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এই আকস্মিক হামলায় চারজন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইরানি সরকারের প্রকাশিত একটি ভিডিওতে বিয়ের অনুষ্ঠানস্থলের জায়গায় ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠেছে।
পেন্টাগন বা মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং অঞ্চলে উপস্থিত মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের সেই হুমকি প্রতিহত করতেই এই নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অবকাঠামো ও ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজগান প্রদেশে বিয়ের অনুষ্ঠানে বেসামরিক নাগরিক ও শিশু হত্যার জবাব হিসেবে ইরাকেও মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সূত্র: আনাদলু
ডিবিসি/এমএনকে