যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে যেকোনো ধরনের ‘আগ্রাসন’ চালানো হলে তার কঠোর ও আনুপাতিক জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ আঞ্চলিক সমকক্ষদের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই কড়া বার্তা দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টের বরাতে জানা যায়, শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন আব্বাস আরাঘচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই কর্মকর্তার মধ্যে চলমান আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
আঞ্চলিক নেতাদের সঙ্গে এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই ফোনালাপের বিষয়ে অপর এক পোস্টে আরাঘচি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা এই অঞ্চলের অন্য কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তার অত্যন্ত দৃঢ় ও আনুপাতিক জবাব দেওয়া হবে।
এর আগে গত সপ্তাহেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় একই ধরনের সুর শোনা গিয়েছিল আরাঘচির কণ্ঠে। সেখানে তিনি সতর্ক করে বলেছিলেন, ইরানের কোনো অবকাঠামোর ওপর আক্রমণ চালানো হলে তার জবাবে তেহরানের প্রতিরক্ষা কৌশল হবে ‘চোখের বদলে চোখ’ নীতি। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ফোনালাপ ও কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বিশেষ বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: সিএনএন
ডিবিসি/পিআরএএন