যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে ইরানের কোনো পারমাণবিক আলোচনা চলছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন।
ইসমাইল বাঘাই জানান, ইরান এই মুহূর্তে তার পারমাণবিক কর্মসূচির বিস্তারিত কোনো বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না। তিনি বলেন, "পারমাণবিক বিষয়ে কখন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আমরা জানি। পারমাণবিক ফাইলের বিস্তারিত বিষয় নিয়ে বর্তমানে কোনো আলোচনা হয়নি। এই পর্যায়ে আমাদের প্রধান অগ্রাধিকার হলো চলমান যুদ্ধের অবসান ঘটানো।"
সংবাদ সম্মেলনে বাঘাই অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত সপ্তাহান্তে ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে অবস্থিত রাডার ও ড্রোন সাইটগুলোতে হামলার দায় স্বীকার করেছিল মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, তাদের ওই হামলাগুলো ছিল সম্পূর্ণ 'আত্মরক্ষামূলক'।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন