বাংলাদেশ, জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংশোধনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, তবে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তিনি স্পষ্ট করেছেন যে, দ্বিপাক্ষিক এই চুক্তির কোনো বিষয় ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ নেই।

শুক্রবার (৮ মে) সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি হুট করে একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে চুক্তি বাস্তবায়নের পর্যায়ে যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো বিষয় সামনে আসে, তবে চুক্তির নির্ধারিত বিধির মধ্যেই তা সংশোধনের সুযোগ রয়েছে।


রাষ্ট্রীয় চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, চুক্তিটি হয়েছে দুটি দেশের মধ্যে। এটি যদি দুই ব্যক্তির বিষয় হতো, তবে হয়তো দ্রুত রদবদল করা যেত। কিন্তু দুটি সার্বভৌম রাষ্ট্র যখন কোনো চুক্তিতে উপনীত হয়, তখন তা চাইলেই পরিবর্তন করা সম্ভব নয়।


মন্ত্রী আরও যোগ করেন, আন্তর্জাতিক চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করা হয়। কোনো ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কোনোটি অন্য পক্ষের জন্য সুবিধাজনক হয়। এভাবেই একটি উইন-উইন সিচুয়েশন বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরির চেষ্টা থাকে। বাস্তবায়নের সময় যদি দেখা যায় কোনো ধারা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করছে না, তবে কূটনৈতিক প্রক্রিয়ায় তা সংশোধন সম্ভব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দিতে হয়, কারণ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক একটি দীর্ঘমেয়াদি বিষয়।


বাজার পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিন্ডিকেট করে কেউ যদি বাজার প্রভাবিত করার চেষ্টা করে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তাকে সাময়িক বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন