ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর আপসের বদলে প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, নতুন করে কোনো সংঘাত বা আগ্রাসন শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্যই ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।
সম্প্রতি সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ইরানের প্রতি অত্যন্ত তীক্ষ্ণ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তাদের অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে।
তবে তেহরান এ ধরনের বিবৃতিকে ছাড় দেওয়ার বদলে সুস্পষ্টভাবে রুখে দাঁড়ানোর বার্তা হিসেবেই গ্রহণ করেছে। রবিবার (১৭ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য কেবল নতুন পর্যায়ের ধ্বংসাত্মক ও মারাত্মক আঘাতই বয়ে আনবে। দেশের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে, এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সম্পদ ও ঘাঁটিগুলোতে অপ্রত্যাশিত আক্রমণ চালানো হবে বলেও জানান তিনি।
তেহরান থেকে প্রতিবেদক আলমিগদাদ আলরোহাইদ জানান, বর্তমানে উভয় পক্ষের সুরই ক্রমশ কঠোর হচ্ছে। তেহরানের দৃষ্টিকোণ থেকে এটি মূলত একটি প্রতিরোধমূলক অবস্থান; যা আপসের বদলে প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্য ও বাগাড়ম্বর বাড়তে থাকায়, কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ আরও সংকুচিত হয়ে আসছে বলেও জানান এই প্রতিবেদক।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি