যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার একটি পরিকল্পনা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান এই প্রস্তাবটিকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী এবং অযৌক্তিক’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি তেহরান থেকে এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কূটনৈতিক সূত্র জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে এই প্রস্তাবের বিষয়বস্তু যেভাবে প্রচার করা হচ্ছে, তা এর প্রকৃত রূপের সঠিক প্রতিফলন নয়। প্রস্তাবটিকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর উল্লেখ করে ওই সূত্রটি বলে, "এটি কাগজে-কলমেও মোটেও সুন্দর নয়।"
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সূত্রটি আরও জানায়, ওয়াশিংটন বারবার তাদের শর্ত ও অবস্থান পরিবর্তন করে। কিন্তু এর বিপরীতে ইরান কী চায় এবং কোন বিষয়গুলো তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে, সে সম্পর্কে তেহরানের অবস্থান এবং বোঝাপড়া একদম স্পষ্ট।
এছাড়াও জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়নি। তবে বেশ কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি