বর্তমান বিশ্বে শান্তি নেই উল্লেখ করে আধিপত্যবাদকে বৈশ্বিক ব্যবস্থার জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সতর্ক করে বলেন, এই আধিপত্যবাদী প্রবণতা আন্তর্জাতিক শৃঙ্খলাকে ‘ল অব দ্য জাঙ্গল’ বা ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে ফিরিয়ে নেওয়ার মতো এক বিপজ্জনক প্রতিযোগিতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। চীন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ মে) পুতিনের সঙ্গে বৈঠকে বিশ্বজুড়ে চলমান অশান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে শি জিনপিং বলেন, বর্তমান বাস্তবতায় চীন ও রাশিয়ার আন্তর্জাতিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা উচিত।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, বড় দেশ হিসেবে চীন ও রাশিয়াকে অবশ্যই বিশ্ব রাজনীতির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। দুই দেশেরই উচিত জাতিসংঘের কর্তৃত্ব এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখা এবং একই সঙ্গে যেকোনো ধরনের একতরফা বলপ্রয়োগের চেষ্টা রুখে দেওয়া। বৈঠকে সামরিকীকরণের চেষ্টার প্রসঙ্গ তুলে শি জিনপিং আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলকে অস্বীকার করার যেকোনো পদক্ষেপ কিংবা বর্তমান বিশ্বে নতুন করে সামরিকীকরণের যে চেষ্টা চলছে, রাশিয়া ও চীনের যৌথভাবে সেটিরও বিরোধিতা করা উচিত।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময়ও উদীয়মান শক্তির সঙ্গে ক্ষমতাসীন শক্তির সংঘাতের শঙ্কা বা ‘থুসিডাইডিস ট্র্যাপের’ কথা উল্লেখ করেছিলেন শি জিনপিং। তখন তিনি প্রশ্ন তুলেছিলেন যে, চীন ও যুক্তরাষ্ট্র কি এই ট্র্যাপ এড়িয়ে বড় শক্তিগুলোর মধ্যকার সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? পরবর্তীতে তিনি নিজেই উল্লেখ করেন যে, এর উত্তর আসলে দুই দেশের নেতাকেই নির্ধারণ করতে হবে।
ডিবিসি/এফএইচআর