আন্তর্জাতিক, খেলাধুলা, আমেরিকা, অন্যান্য খেলা

যুক্তরাষ্ট্রে আইস হকি খেলে সাড়ে ৮৪ বছর বয়সী নারীর বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৯ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৭:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী আইস হকি খেলোয়াড় হিসেবে স্কেটে ইতি টানলেন যুক্তরাষ্ট্রের লিন্ডা সিনরড। গত ৭ এপ্রিল ৮৪ বছর ১৯৮ দিন বয়সে তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন।

ভার্জিনিয়ার আর্লিংটনে ক্যাপিটালস ওমেনস হকি লিগের হয়ে টিম গ্রে-এর হয়ে তিনি মাঠে নামেন। যদিও তার দল সেই ম্যাচে ৫-২ গোলে হেরে যায়, তবে লিন্ডার কাছে জয়-পরাজয়ের চেয়ে খেলাধুলার আনন্দটাই ছিল মুখ্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডা বলেন, 'মুহূর্তটি ছিল অম্লমধুর। আমার কাছে মনে হয়েছে এটি একটি যুগের সমাপ্তি, কারণ আমি দীর্ঘ সময় ধরে হকি খেলাটাকে ভালোবেসেছি।'

 

রেকর্ডগড়া এই খেলোয়াড় হকি খেলা শুরু করেছিলেন ৩৫ বছর বয়সে। তিনি কলেজে ফিগার স্কেটিং করতেন। ১৯৭৫ সালে যখন নারীদের জন্য কোনো পেশাদার লিগ বা অলিম্পিক স্বীকৃতি ছিল না, তখন তিনি ওয়াশিংটন ডিসি এলাকায় নারীদের প্রথম আইস হকি দল 'রেডকোটস' এর প্রতিষ্ঠাতা সদস্য হন এবং ১০ বছর সেখানে খেলেন।

 

পঁয়তাল্লিশ বছর বয়সে নিজেকে খেলার জন্য অনুপযুক্ত ভেবে প্রথমবার অবসর নেন লিন্ডা। তবে প্রায় দুই দশক পর, ৬৭ বছর বয়সে তিনি আবারও প্রিন্স উইলিয়াম ওয়াইল্ডক্যাটস দলের মাধ্যমে খেলায় ফিরে আসেন। সেখানে সতীর্থরা তার চেয়ে অন্তত ২০ বছরের ছোট হলেও খেলার প্রতি তার উদ্যম কমেনি।

 

পরবর্তীতে ৭৫ বছর বয়সে প্রতিযোগিতামূলক না হওয়ার কারণে দল থেকে বাদ পড়লে তিনি দমে যাননি, বরং ক্যাপিটালস লিগে যোগ দিয়ে খেলা চালিয়ে যান।

 

লিন্ডা নতুনদের উদ্দেশ্যে বলেন, 'শুরু করার জন্য কখনোই দেরি হয় না।' তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ওয়াশিংটন ক্যাপিটালসের অধিনায়ক এবং এনএইচএল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আলেকজান্ডার ওভেচবিনের সাথে একটি ম্যাচের উদ্বোধন করা।

 

লিন্ডা সিনরড তার অবিশ্বাস্য ক্যারিয়ারের মাধ্যমে প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। নারী আইস হকি খেলোয়াড়দের জন্য তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

 

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন