যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১১ই আগস্ট) পিটসবার্গের কাছে অবস্থিত ইউএস স্টিলের ক্লেয়ারটন কোক ওয়ার্কস প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসকল তথ্য জানা যায়।
অ্যালেঘেনি কাউন্টি ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ক্যাসি রাইগনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার তিনি জানান, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কারখানায় আগুন লাগে স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে (জিএমটি ১৪:৫০)। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দমকল কর্মীদের কারখানার আগুন নেভানোর জন্য পানি ছিটাতে দেখা গেছে।
ঘটনাস্থলের কাছে থাকা একজন নির্মাণকর্মী, জাচারি বুডে, স্থানীয় এক টেলিভিশনকে বলেন, ‘এটা বজ্রপাতের মতো মনে হয়েছিল। বিস্ফোরণের শব্দে স্ক্যাফোল্ড (নির্মাণকাজের মাচা) ও পুরো ভবন কেঁপে উঠেছিল, এমনকি আমার বুকেও কাঁপন ধরেছিল। এরপর যখন আমরা স্টিল মিল থেকে কালো ধোঁয়া উঠতে দেখলাম, তখন বুঝলাম খারাপ কিছু একটা ঘটেছে।’
কাউন্টি ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, আহতদের উদ্ধারের জন্য স্থানীয় জরুরি সেবা সংস্থার পাশাপাশি কাউন্টি থেকে ১৫টি অতিরিক্ত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ইউএস স্টিলের এই ক্লেয়ারটন প্ল্যান্টটি উত্তর আমেরিকার বৃহত্তম কোকিং ফ্যাসিলিটি (যেখানে কয়লা থেকে কোক তৈরি করা হয়)। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ডিবিসি/এনএসএফ