যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে খরচ কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দিকে ঝুঁকে পড়ার কারণে ব্যাপক কর্মী ছাঁটাই চলছে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচ-১বি (H-1B) ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমানো হাজার হাজার ভারতীয় পেশাজীবী।
গত ২১ মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা যে ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় এইচ-১বি ভিসাধারীরা। মেটা ছাড়াও বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন এবং পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনও নিজেদের পরিধি ও কর্মী সংখ্যা কমিয়ে আনছে।
এই গণছাঁটাইয়ের কারণে প্রবাসীদের পরিস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অনুযায়ী, এইচ-১বি ভিসাধারীদের স্পন্সর করে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে কেউ চাকরি হারালে দেশটিতে বৈধভাবে অবস্থান করার জন্য ৬০ দিনের মধ্যে তাকে নতুন কোনো কোম্পানি বা স্পন্সর খুঁজে পেতে হয়; অন্যথায় নিজ দেশে ফিরে যেতে হয়। কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে নতুন চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত এই ভারতীয় পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে কেবল কাজই করতেন না, অনেকেই সেখানে স্থায়ীভাবে জীবন গুছিয়ে নিয়েছিলেন। সেখানে সন্তান লালন-পালন, তাদের পড়াশোনা করানো এমনকি বাড়ি কেনার মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গেও তারা যুক্ত। কিন্তু হঠাৎ চাকরি হারানোয় এই হাজার হাজার প্রবাসীর সাজানো ভবিষ্যৎ এখন গভীর শঙ্কার মুখে পড়েছে।
ডিবিসি/এফএইচআর