যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে ভালেরো কোম্পানির একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ঘটে যাওয়া এই বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, দুর্ঘটনা কবলিত শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় নগর কর্তৃপক্ষ।
বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে শোধনাগার সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, শোধনাগারটির মালিকানা প্রতিষ্ঠান মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরো এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের সকল কর্মীর সন্ধান পাওয়া গেছে এবং এই ঘটনায় কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলেও নিশ্চিত করেছে কোম্পানিটি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে দীর্ঘ অগ্নিশিখা ও আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দের ধাক্কায় আশপাশের অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
উল্লেখ্য, টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে অবস্থিত ভালেরো কোম্পানির এই শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করার পাশাপাশি গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন করে থাকে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
ডিবিসি/পিআরএএন