বাংলাদেশ, জেলার সংবাদ

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জানাজা সম্পন্ন, জামালপুরে দাদা-দাদির পাশে দাফন

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে শায়িত করা হয়।

সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি মাদারগঞ্জে রওনা হন তারা। বেলা সাড়ে ৩টার দিকে লিমনের নিথর দেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় সন্তান ও মেধাবী এই শিক্ষার্থীকে শেষবারের মতো দেখতে ভিড় জমান হাজারো মানুষ।


বাদ মাগরিব লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় লিমনের বাবা জহুরুল হক ও ভাই জুবায়ের আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং এনসিপির যুগ্ম সচিব লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন লিমনের ফুফাতো ভাই হাফেজ মাওলানা সাইদুর রহমান।


ছেলের শোকে স্তব্ধ বাবা জহুরুল হক কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি অনেক কষ্ট করে সন্তানদের বড় করেছি, কোনোদিন তাদের গায়ে হাত তুলিনি। আমার ছেলে পিএইচডির জন্য আমেরিকা গিয়েছিল, কিন্তু তাকে এভাবে নিষ্ঠুরভাবে প্রাণ দিতে হবে-তা কখনো কল্পনাও করিনি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। বিদেশে পড়তে গিয়ে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।


লিমনের চাচা জিয়াউল হক জানান, লিমন অত্যন্ত শান্ত ও মেধাবী ছিল। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরতে হবে, এটা পুরো পরিবারের জন্য মেনে নেওয়া দুঃসহ।


পারিবারিক সূত্রে জানা যায়, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সাল থেকে পরিবারসহ ঢাকায় বসবাস করছেন। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডিতে ভর্তি হন।


গত ১৬ এপ্রিল ফ্লোরিডা থেকে জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। ১৭ এপ্রিল বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান তাদের এক বন্ধু। দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন