যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলার পর কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার একপর্যায়ে সন্দেহভাজন ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
মাসকাটিন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার (১ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ১২ মিনিটের দিকে শহরের দুটি আবাসিক বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই ‘ধারাবাহিক হত্যাকাণ্ড’ ঘটে। প্রথম ঘটনার খবর পেয়ে পুলিশ একটি বাড়িতে গিয়ে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন হামলাকারী, মাসকাটিনের ৫২ বছর বয়সী বাসিন্দা রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে কর্মকর্তারা তাকে মিসিসিপি নদীর তীরবর্তী একটি ট্রেইলের কাছে খুঁজে পান।
মাসকাটিন পুলিশ প্রধান অ্যান্থনি কিস এক প্রেস ব্রিফিংয়ে জানান, কর্মকর্তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড নিজের জীবন কেড়ে নেন। সেখানে পুলিশ ও জরুরি চিকিৎসা সেবা কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনার তদন্ত চলাকালীন গোয়েন্দারা আরও ভুক্তভোগী থাকার আশঙ্কা করেন। এরপর তল্লাশি চালিয়ে তারা আরও দুজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করেন, যাদের একজনকে আরেকটি বাড়ি থেকে এবং অন্যজনকে একটি কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক বিরোধের জেরে ঘটেছে এবং নিহত ৭ জনই ওই মৃত বন্দুকধারীর পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এখনো নিহতদের নাম বা বয়স প্রকাশ করেনি। পুলিশ প্রধান আরও জানিয়েছেন যে সন্দেহভাজন ওই ব্যক্তির অতীত অপরাধের রেকর্ড ছিল, তবে এই মুহূর্তে সম্প্রদায়ের জন্য আর কোনো সক্রিয় হুমকি নেই। পুরো ঘটনাটি নিয়ে বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে।
সূত্র: এবিসি নিউজ
ডিবিসি/এফএইচআর