আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ আকস্মিক বন্যায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে কলোরাডো নদীর তীরে অবস্থিত পার্কের দুর্গম অভ্যন্তরের প্রধান পর্যটন কেন্দ্র ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় এই বন্যা আঘাত হানে। বন্যায় পদসেতু ধ্বংস হয়ে যাওয়ায় বেশ কয়েকজন হাইকার সেখানে আটকা পড়েছেন।

নিখোঁজদের সন্ধানে মার্কিন পার্ক রেঞ্জাররা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। রবিবার ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে নিখোঁজদের সম্পর্কে তথ্য দিয়ে জনসাধারণকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে শনিবার যারা ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক করিডোর দিয়ে ভ্রমণ করছিলেন বা ক্যাম্পগ্রাউন্ডে যাদের রিজার্ভেশন ছিল, তাদের দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অ্যারিজোনা জননিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা আটকে পড়াদের সরিয়ে নেওয়া এবং উদ্ধার কাজ পরিচালনা করছেন। রবিবার সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ এবং নিম্ন নর্থ কাইবাব ট্রেইল থেকে ৬২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এদিকে, জলের প্রবল স্রোতে পার্কের ট্রেইল অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর নির্মিত প্রায় সব পদসেতু ধ্বংস হয়ে যাওয়ায় হাইকারদের জন্য ওই পথটি কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড এবং সম্পূর্ণ নর্থ কাইবাব ট্রেইল বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ।

 

একইসঙ্গে কলোরাডো নদীর ওপর অবস্থিত ব্ল্যাক ব্রিজ ও সিলভার ব্রিজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পানিতে ভেসে আসা ধাতব কাঠামো ও ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সকল প্রকার নৌযান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার পর্যন্ত ওই এলাকায় আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন