আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের একটি এয়ার শো বা বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের পর চারজন ক্রু সদস্য স্থিতিশীল অবস্থায় আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আকাশে প্রদর্শনী করার সময় ইউএস নেভির ইএ১৮-জি জেট দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। তবে এর সকল ক্রু নিরাপদে ইজেক্ট করে (বের হয়ে) আসতে সক্ষম হন। তারা আহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

 

এই নাটকীয় ঘটনাটি ঘটে রবিবার, আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস থেকে ২ মাইল (৩.২ কিমি) উত্তর-পশ্চিমে ‘গানফাইটার স্কাইস’ (Gunfighter Skies) এয়ার শো-এর দ্বিতীয় এবং শেষ দিনে। সংঘর্ষের পর সেখানে আগুন ধরে যায় এবং সামরিক ঘাঁটিতে সাময়িক লকডাউন ঘোষণা করে এয়ার শো-এর বাকি অংশ বাতিল করা হয়। এ ঘটনার তদন্ত চলছে।

 

রবিবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে মাউন্টেন এয়ার ফোর্স বেস গানফাইটারস জানিয়েছে, ঘটনায় জড়িত এয়ারক্রুরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের সকল অতিথিকে তাদের ধৈর্য এবং সহানুভূতির জন্য ধন্যবাদ, যা আমাদের দ্রুত এবং নিরাপদে ঘটনাটি মোকাবিলা করতে সহায়তা করেছে।

 

কমান্ডার অ্যামেলিয়া উমায়াম সিবিএসকে জানিয়েছেন, চিকিৎসা কর্মীরা ক্রু সদস্যদের পরীক্ষা করে দেখছেন। তিনি জানান, ইএ-১৮জি গ্রাউলার (EA-18G Growlers) বিমানগুলো ওয়াশিংটন স্টেটের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অংশ ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, এই জেটগুলোর প্রতিটির দাম প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার বা ৬৭ মিলিয়ন ডলার (৫ কোটি ৩ লাখ পাউন্ড)।

 

এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’-এর কিম সাইকস স্থানীয় একটি সিবিএস অ্যাফিলিয়েটকে বলেছেন, সামরিক ঘাঁটিতে থাকা কেউ আহত হননি। উল্লেখ্য, গানফাইটার স্কাইস এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় এক দুর্ঘটনায় একজন গ্লাইডার পাইলট নিহত হয়েছিলেন।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন