ডোনাল্ড ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, তিনি চাইলে "ইরানের তেল দখল" করতে পারেন এবং দেশটির প্রধান জ্বালানি হাব বা কেন্দ্র হিসেবে পরিচিত খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারেন।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আপনাকে সত্যি কথা বলতে কি, আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা মানুষ বলে: 'আপনি এমনটা কেন করছেন?' তবে তারা আসলেই বোকা।"
ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই পদক্ষেপের অর্থ হতে পারে খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া। ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, "হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প রয়েছে।" তিনি আরও যোগ করেন, "এর মানে এমনটাও হতে পারে যে, আমাদের সেখানে (খার্গ দ্বীপে) বেশ কিছু সময় ধরে অবস্থান করতে হবে।"
দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা আছে। আমরা খুব সহজেই এর নিয়ন্ত্রণ নিতে পারব।"
প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে আরও ৩,৫০০ মার্কিন সেনা এসে পৌঁছেছে। সংঘাত আরও ছড়িয়ে পড়লে মার্কিন বাহিনী ইরানের হামলার মুখে পড়তে পারে বলে যখন আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই এই সেনা মোতায়েনের ঘটনা ঘটল।
ট্রাম্প আরও জানান, পাকিস্তানের "দূতদের" মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। তবে শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "খুব দ্রুতই একটি চুক্তি সম্পন্ন হতে পারে।"
সূত্র: বিবিসি
ডিবিসি/কেএলডি