আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দ্বিতীয় দিন পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা দ্বিতীয় দিনের মতো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই উত্তেজনার ফলে গত এপ্রিলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত আগে থেকেই ভঙ্গুর অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তিটি চরম হুমকির মুখে পড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে অবস্থিত সামরিক, নজরদারি ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে এক দফা ‘আত্মরক্ষামূলক হামলা’ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ‘কঠোর’ আঘাত হানার হুঁশিয়ারি দেওয়ার এবং শান্তি চুক্তিতে পৌঁছাতে তেহরান অযথা কালক্ষেপণ করছে—এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানিয়েছেন, চুক্তি মেনে নেওয়ার সুযোগ পেলেও ইরান তা প্রত্যাখ্যান করায় তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হয়েছে।

 

মার্কিন হামলার জবাবে ইরানও বসে থাকেনি; তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক পাল্টা আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, টানা দ্বিতীয় দিনের মতো বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাহরাইনে রাতভর বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে শত্রুপক্ষের একাধিক লক্ষ্যবস্তু প্রতিহত করা সম্ভব হয়েছে।

 

এদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি তেল ট্যাঙ্কারে আইআরজিসি হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করলেও এর তাৎক্ষণিক কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। ইরান হরমুজ প্রণালী সব ধরনের জাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণার দাবি করেছে, তবে সেন্টকম জানিয়েছে যে ওই প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো অব্যাহত রয়েছে। নৌপথ বন্ধ ও জাহাজে হামলার এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারে পৌঁছেছে।

 

চলমান এই সংঘাত নিয়ে উভয় পক্ষের শীর্ষ নেতারাই কড়া বার্তা দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ সতর্ক করে বলেছেন, শান্তি চুক্তি না হলে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হবে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যেকোনো চাপ ও হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। এর আগে, যুক্তরাষ্ট্রের পাঠানো পরস্পরবিরোধী বার্তার কারণে কূটনৈতিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তোলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

উল্লেখ্য, গত এপ্রিলে দুই দেশ প্রাথমিকভাবে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও এরপর থেকে মাঝে মাঝেই গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই নতুন উত্তেজনার শুরু, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। সামান্য গোলাগুলি থেকে বড় সংঘাতের ঝুঁকিকে ছোট করে না দেখে তিনি সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জোর আহ্বান জানিয়েছেন।
 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন