যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। তিনি সতর্ক করে বলেছেন, মুসলিমদের মধ্যে যেকোনো ধরনের বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড জেনেশুনে হোক বা অজান্তে মূলত ইসলামের শত্রুদের লক্ষ্যকেই বাস্তবায়ন করে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইমাম জাফর আল-সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'ইসলামি ঐক্য সপ্তাহ'-এর এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ইসলামের শত্রু ও কুচক্রীদের মূল উদ্দেশ্য হলো মুসলিমদের মধ্যকার মতপার্থক্যগুলো বড় করে দেখিয়ে তাদের দুর্বল করা এবং মুসলিম বিশ্বের ওপর কর্তৃত্ব স্থাপন করা। তিনি উল্লেখ করেন, ‘আজ মুসলিমরা অত্যন্ত কার্যকর ও ইতিহাস সৃষ্টিকারী ভূমিকা পালন করতে পারে। অসত্যের বিরুদ্ধে সত্যের এবং কুফরির বিরুদ্ধে ইসলামের চূড়ান্ত বিজয়ের সম্ভাবনা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে উজ্জ্বল।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘এই বিজয়ের প্রধান শর্ত হলো মুসলমানদের ঐক্য। বিশ্ব কুফরি শক্তির বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা কোনো সাময়িক বা বাহ্যিক বিষয় নয়, বরং এটি একটি কোরআনিক কৌশল এবং বিশুদ্ধ ইসলামের মৌলিক শিক্ষা।'
ইরানের এই নেতা বলেন, যেকোনো পদে থাকা ব্যক্তি যদি মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির কোনো কাজ করেন, তবে তিনি ইসলামের শত্রুদের উদ্দেশ্যই সফল করছেন। তিনি প্রশ্ন তোলেন, অপরাধী আমেরিকার নেতৃত্বাধীন বৈশ্বিক অত্যাচারীরা যখন তাদের প্রতারণামূলক মুখোশ খুলে ফেলে রক্তাক্ত থাবা বিশ্বের সামনে উন্মোচন করেছে, তখন কেউ কীভাবে অজ্ঞতা বা অসাবধানতার অজুহাত দিতে পারে?'
পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর শাসকদের প্রতি সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, `আপনাদের আসল শত্রুকে চিনুন, তাদের ষড়যন্ত্র বুঝুন এবং তা প্রতিহত করুন।' তিনি উল্লেখ করেন, অপরাধী মার্কিন প্রশাসন এবং দখলদার ইহুদিবাদী ব্যবস্থা কেবল ইরান বা প্রতিরোধ ফ্রন্টেরই নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্যের চরম শত্রু।
সবশেষে তিনি যোগ করেন, ঐক্যের মূল শিক্ষা হলো বিশ্ব কুফরি শক্তির বিরুদ্ধে একে অপরকে রক্ষা করা এবং অর্থ-সম্পদ, নিরাপত্তা, জ্ঞান ও অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, যা ভবিষ্যতে একটি নতুন ইসলামি সভ্যতার পথ তৈরি করবে। ইরানে এই ঐক্য সন্তোষজনক পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি নিজ দেশের জনগণকে নিজেদের মধ্যেও কোনো বিভেদ তৈরি হতে না দেওয়ার আহ্বান জানান।
সূত্র: মেহর নিউজ এজেন্সী