মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে আরও 'চমক' রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহি।
ট্রাম্পের অব্যাহত হুমকির জবাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ মন্তব্য করেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার। এটি মূলত ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট, যা দেশটির সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে সামরিক সমন্বয়ের কাজ করে থাকে।
জেনারেল আব্দুল্লাহি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন, কিন্তু তার জানা উচিত যে ইরানের সশস্ত্র বাহিনীর কাছে তার এবং তার অধীনস্থ ইসরায়েলের জন্য চমক অপেক্ষা করছে। এর একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে তিনি ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমায় আইআরজিসি কর্তৃক পঞ্চম প্রজন্মের একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার সাম্প্রতিক ঘোষণার কথা উল্লেখ করেন এবং শত্রুদের এমন আরও চমকের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
গত মাসের শেষের দিকে ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক আগ্রাসনের তাৎক্ষণিক জবাবে শুরু হওয়া ইরানের সশস্ত্র বাহিনীর চলমান প্রতিশোধমূলক অভিযান 'অপারেশন ট্রু প্রমিজ ৪' এর মধ্যেই এ কড়া বার্তা দিলেন তিনি। এ প্রতিশোধমূলক সামরিক অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত আউটপোস্টগুলো তীব্র হামলার শিকার হয়েছে।
একইসঙ্গে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের প্রাণকেন্দ্রে থাকা স্পর্শকাতর ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত হেনেছে ইরান; যার মধ্যে রয়েছে তেল আবিব, অধিকৃত পবিত্র শহর আল-কুদস (জেরুজালেম), হাইফা বন্দর, ইসরায়েলের প্রযুক্তিগত কেন্দ্রস্থল বিরশেবা এবং নেগেভ মরুভূমি।
তথ্যসূত্র: প্রেস টিভি
ডিবিসি/এএমটি