ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় উত্তর আমেরিকায় সংরক্ষিত ৮৬ টন স্বর্ণ লন্ডনে স্থানান্তর করেছে নেদারল্যান্ডস। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডিএনবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সরানো এসব স্বর্ণ ব্যাংক অব ইংল্যান্ডে রাখা হয়েছে।
ডিএনবির তথ্যমতে, কয়েক মাস ধরে জটিল প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণগুলো লন্ডনে নেওয়া হয়। সংকটের সময় ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ তুলনামূলকভাবে দ্রুত ও সহজে লেনদেন করা সম্ভব বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএনবির প্রেসিডেন্ট ওলাফ স্লাইপেন বলেন, “আমাদের সক্ষমতা ও প্রস্তুতি আরও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।”
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই নেদারল্যান্ডসের এ সিদ্ধান্ত সামনে এলো। বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর সম্প্রতি দেশ দুটি পরস্পরের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ডিএনবি জানায়, মার্চ থেকে আগস্ট পর্যন্ত স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্ক ও অটোয়া থেকে ২৭ টন স্বর্ণের বার নেদারল্যান্ডসের জাইস্ট শহরে নেওয়া হয়। পরে সমপরিমাণ স্বর্ণ সেখান থেকে লন্ডনে পাঠানো হয়। এ প্রক্রিয়ায় স্বর্ণের বারগুলো গলানোর প্রয়োজন হয়নি।
ডিবিসি/ আরএফই