যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন পুনরায় শুরু করায় ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী নিজেদের সব অঙ্গীকার স্থগিত করেছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
শনিবার (১৮ জুলাই) তিনি বলেন, গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতার শর্ত যুক্তরাষ্ট্র কার্যত পরিত্যাগ করেছে। তাই তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা প্রসঙ্গে গরিবাবাদি বলেন, ওয়াশিংটন সমঝোতা ভঙ্গ করে গত সপ্তাহে আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। এখন তাদের প্রধান অগ্রাধিকার দেশের দৃঢ় প্রতিরক্ষা এবং ‘আগ্রাসীদের শিক্ষা দেওয়া’।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের কঠোর জবাব পেয়েছে এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন সম্ভব নয়-এটি তারা বুঝতে পেরেছে। তিনি আরও বলেন, ‘যদি তারা বুদ্ধিমানের মতো আচরণ করে, তবে অন্য পথ বেছে নেবে।’
এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে এবং সশস্ত্র বাহিনী এ লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিরোধ অব্যাহত রাখবে।
সূত্র: প্রেস টিভি
ডিবিসি/এসএফএল