জাতীয়

যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে তা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি এবং জ্বালানি খাতে (বিশেষ করে শেভরন-এর ভূমিকা) যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করে এসব খাতে আরও অধিকতর বিনিয়োগের অনুরোধ জানান। এর পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের ওপর বিশেষ জোর দেন।

 

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশগুলোর সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, দুদেশের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তিটিকে (Agreement on Reciprocal Trade) যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্রপতি এটিকে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় আরও ভারসাম্যপূর্ণ ও লাভজনক করার সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন