আন্তর্জাতিক

যুদ্ধকালীন প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনের পদচ্যুত ও জনপ্রিয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরোভ যুদ্ধকালীন পরিস্থিতিতেও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন। প্রায় সাড়ে চার বছর আগে শুরু হওয়া রুশ আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের জন্য এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে সামরিক আইন জারি রয়েছে, যার কারণে সাংবিধানিকভাবে সব ধরনের নির্বাচন স্থগিত রয়েছে।

মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফেদোরোভ বলেন, গণতন্ত্রকে রাশিয়ার কাছে জিম্মি রাখা যাবে না। একটি মুক্ত ইউরোপীয় রাষ্ট্র হিসেবে টিকে থাকার লক্ষ্যেই ইউক্রেন লড়াই করছে উল্লেখ করে তিনি জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও একটি আইনি, নিরাপদ এবং বাস্তবসম্মত প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। সরাসরি জেলেনস্কির নাম উল্লেখ না করলেও তিনি ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেন যে, দক্ষতার চেয়ে যদি ব্যক্তিগত আনুগত্য নিয়োগের প্রধান মাপকাঠি হয়ে দাঁড়ায়, তবে তা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক।

 

দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় গত মাসে ফেদোরোভকে অপ্রত্যাশিতভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান এবং আধুনিক যুদ্ধপ্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা এই নেতার অপসারণের পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। সেনাপ্রধান ওলেকসান্দর সিরস্কির সঙ্গে মতবিরোধের জেরে তাকে অপসারণ করা হয় বলে ধারণা করা হয়, যদিও পরবর্তীতে সেনাপ্রধানকেও পদ থেকে সরানো হয়। ফেদোরোভকে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি কেবল প্রতিরক্ষামন্ত্রীর পদেই ফিরতে আগ্রহী বলে জানিয়ে দেন।

 

এদিকে ফেদোরোভের পুনর্বহালের দাবিতে রাজধানী কিয়েভে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তরুণ ইউক্রেনীয়রা বিশেষ করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইয়েভহেনি খমারাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিতে প্রেসিডেন্ট জেলেনস্কি পার্লামেন্টে প্রস্তাব পাঠিয়েছেন। ফেদোরোভ সরাসরি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা না দিলেও, ব্যক্তিপূজার ঊর্ধ্বে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর দাবি তুলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন