ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হচ্ছে দাবি করে দেশটির বর্তমান নেতৃত্বকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন পরিস্থিতিতে কিয়েভের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।
কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন।
তিনি জানান, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। চলতি আগস্টেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ২৭০ বর্গকিলোমিটার এলাকা রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে প্রায় সাড়ে ছয় হাজার ইউক্রেনীয় সেনাকে দুটি পৃথক স্থানে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি। পুতিন আরও বলেন, তাঁর বাহিনী স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ায় নতুন করে সেনা সমাবেশের (মোবিলাইজেশন) খবরকে "পুরোপুরি ভিত্তিহীন ও অর্থহীন" বলে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরে এবং তেল শোধনাগারগুলোতে কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন পুতিন। তবে তিনি জানান, প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শোধনাগারগুলোর মধ্যে এখন মাত্র ১০ শতাংশ মেরামতের বাকি রয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার আকাশসীমা অচল করার হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনা নাকচ করলেও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে গঠনমূলক যেকোনো আলোচনার পথ খোলা রয়েছে বলে উল্লেখ করেন পুতিন। তিনি জানান, অর্থহীন আলোচনা মস্কো চায় না; তবে মার্কিন প্রতিনিধি বা অন্য কেউ যদি এই প্রক্রিয়া এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে রাশিয়া তাতে রাজি আছে।
সূত্র: রয়টার্স