যুদ্ধবিধ্বস্ত ইরানের আহত সাধারণ মানুষের জন্য জরুরি ওষুধ ও উন্নত চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরানের আহত নাগরিকদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ কোটি টাকা অনুদান প্রদান করেন। সেই অর্থ দিয়ে সংগৃহীত জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী এখন ইরানে পাঠানো হচ্ছে।
সহায়তা সামগ্রী হস্তান্তরকালে পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপক প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সর্বদা শান্তির পক্ষে অবস্থান নেয়। আমরা আশা করি, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোয় তিনি বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
ডিবিসি/এসএফএল