দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলার পরপরই ইসরায়েলি বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। যে স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়েছিল, ঠিক সেই অবস্থান লক্ষ্য করেই পাল্টা রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল, যা চলমান শান্তি প্রচেষ্টাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।
এদিকে, এই হামলার ঘটনার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি সশস্ত্র গোষ্ঠীটির প্রধান তথ্য আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলেও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনার দোরগোড়ায় দাঁড়িয়ে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। দুই দেশই বৃহস্পতিবারের বৈঠকের প্রস্তুতি নিলেও সীমান্তে এমন অস্থিরতা আলোচনার সাফল্য নিয়ে সংশয় তৈরি করছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল