লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (৮ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে।
এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ। লেবাননের জনস্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন বুধবারের এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভার একটি বৈঠকে অংশ নেওয়ার আগে সংবাদমাধ্যমকে নাসেরুদ্দিন বলেন, বুধবার লেবাননের ওপর চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত ২০৩ জন শহীদ হয়েছেন এবং ১০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে যায়।
উল্লেখ্য, বুধবার বৈরুত এবং লেবাননের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রায় একই সময়ে যুগপতভাবে এই শক্তিশালী বিমান হামলাগুলো চালায় ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে লেবাননে এটি অন্যতম প্রাণঘাতী ও বড় ধরনের হামলার ঘটনা।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল