চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টম্বর) এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
একটি চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির পশ্চিমে কাতিবা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
আনাদোলুর এক প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, হামলার সময় ওই এলাকার বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে। আল-আকসা মার্টার্স হাসপাতাল এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে ঘটনার বিস্তারিত জানানো হয়নি।
গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। এর পরও নতুন করে এসব হামলার ঘটনা ঘটল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৩৮৫ জনের বেশি আহত হয়েছেন।
ডিবিসি/এসএফএল