আন্তর্জাতিক, অন্যান্য

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেন কর্তৃক ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এবং রাশিয়ার প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির তিন দিন আগে ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার (৫ মে) চালানো এই হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, মঙ্গলবার বিকেলে রাশিয়ার শক্তিশালী 'গ্লাইড বোমা' ক্রামাতোরস্ক, জাপোরিঝিয়া এবং চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে।


হামলায় হতাহতের সংখ্যা নিয়ে ইউক্রেনীয় প্রশাসন বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, জাপোরিঝিয়া গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, এখানে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ক্রামাতোরস্ক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৫ জন নিহত হয়েছেন। দনিপ্রো দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই শহরে হামলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। জ্বালানি স্থাপনে পোলতাভা এবং খারকিভ অঞ্চলে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস স্থাপনায় হামলায় ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন কর্মচারী এবং ২ জন উদ্ধারকর্মী।


ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি 'নাফ্টোগাজ'-এর সিইও ওলেক্সি চেরনিশভ জানিয়েছেন, কম্বাইন্ড মিসাইল ও ড্রোন হামলায় তাদের ব্যাপক উৎপাদন ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৩,৫০০ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি একে ক্রেমলিনের চরম নিষ্ঠুরতা ও ধূর্ততা বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, রাশিয়া যেকোনো মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে পারত। শান্তি অর্জনের জন্য প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। ইউক্রেনও যথাযথ জবাব দেবে।


জেলেনস্কি আরও জানান, ইউক্রেন মঙ্গলবার রাত থেকেই যুদ্ধবিরতি পালন করবে, তবে রাশিয়ার যেকোনো উস্কানির পাল্টা জবাব দেওয়া হবে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।


ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে রাশিয়া ১১টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৬৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১৪৯টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও ৮টি মিসাইল ও ১৪টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।


রাশিয়ার চুবাসিয়া প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনীয় ড্রোন হামলায় সেখানে ২ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


এছাড়া, মঙ্গলবার সকালেই ইউক্রেন রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল শোধনাগার 'কিরিশিনেফতেওর্গসিনতেজ'-এ হামলা চালায়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডিনকো জানান, ড্রোন হামলায় শোধনাগারে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই শোধনাগারটি রাশিয়ার মোট তেল শোধনের প্রায় ৬.৬ শতাংশ সম্পন্ন করে থাকে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা গত এক রাতে তাদের আকাশসীমায় ২৮৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন