যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এসব হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গাজা শহরের পশ্চিমে নাসর এলাকার ইতালীয় কমপ্লেক্সে গতকালের এক হামলায় ওয়ালিদ মাজদি হানিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। আজ তিনি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে অস্ট্রিয়ান কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনির আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হতাহতের এসব ঘটনার পাশাপাশি উপত্যকার বিভিন্ন এলাকায় সামরিক হামলাও অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক যানগুলো খান ইউনিসের পূর্বাঞ্চলে ভারী গোলাবর্ষণ ও কামান হামলা চালিয়েছে। এছাড়া, আজ সকালে খান ইউনিসের পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের মাছ ধরার নৌকাগুলো লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে ভারী মেশিনগান দিয়ে তীব্র গুলিবর্ষণ করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে উপত্যকায় এ পর্যন্ত ১,০৩১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩,৩০৯ জন আহত হয়েছেন।
ডিবিসি/এমএনকে